
স্টাফ রিপোর্টার : নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ সংলগ্ন সড়কের পাশের একটি ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা চলাচলের সময় ময়লার ভাগাড়ে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় কাছে গিয়ে এর ভেতরে এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
প্রত্যক্ষদর্শী রিয়াদ জানান, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজনকে ময়লার ভাগাড়ের পাশে জটলা করতে দেখি। কাছে গিয়ে একটি বাজারের ব্যাগের ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়দের দাবি, নবজাতকের শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারপর নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পর নবজাতকটিকে কেউ সেখানে ফেলে রেখে গেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :