
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : কৃষি প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় নোয়াখালীর সেনবাগে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, নারিকেল চারা এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ৩ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে নারিকেল চারা এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
আপনার মতামত লিখুন :