• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুলাই, ২০২৬

নেয়াজপুরে বেহাল সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কালা মিয়ার পোল থেকে কাশেম বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনকে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যায়। এতে গর্তগুলো চোখে না পড়ায় মোটরসাইকেল, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এ সড়ক ব্যবহার করে প্রতিদিন হাজারো মানুষ স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও কর্মস্থলে যাতায়াত করেন। এছাড়া আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীও এ পথ দিয়ে চলাচল করে। ভাঙাচোরা সড়কের কারণে প্রতিনিয়ত ভোগান্তির পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দা রবিন বলেন, “সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

স্থানীয়দের আশা, দ্রুত সংস্কারকাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

এ বিষয়ে নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর