
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে বেগমগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হাফেজ মাওলানা কাজী তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মাওলানা দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মাওলানা জাহাঙ্গীর আলমের দোয়া পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান টিপু, ইমাম কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মামুমুর রশিদ, সাইফুল ইসলাম, ইমরান হোসেন আজাদ, মাহমুদুল হাসান সোহাগ সহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। এ জন্য ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক ও তরুণদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধন শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত নরোত্তমপুর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সময় ইমাম, আলেম-উলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আপনার মতামত লিখুন :