• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

সেনবাগে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান, ক্ষতি ৮ লাখ টাকা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ এবং দুটি দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার সকাল প্রায় ১০টার দিকে নোয়াখালী-ফেনী চার লেন মহাসড়কের পাশে ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত পাশের কয়েকটি দোকানেও আগুন লেগে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ এবং দুটি দোকান আংশিক পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ফারুকের হোটেল, হানিফের ‘বিসমিল্লাহ স্টোর’ এবং মফিজের ‘মদিনা বেডিং’ সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মানিকের টায়ারের দোকান ও একটি চায়ের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনবাগ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাসান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস

সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮ লাখ টাকার মালামাল ও ব্যবসায়িক সম্পদ পুড়ে গেছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর