
উপজেলা সংবাদদাতা, চাটখিল : জেলার চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: নাজিম হোসাইন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একই বাড়ির আবির নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নাজিম হোসাইন চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া (আটঘর) এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার বড় সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। নাজিম ও একই বাড়ির আবির আটঘর এলাকা থেকে মোটরসাইকেল যোগে দিঘীরপাড় এলাকায় চা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে দশঘরিয়া এলাকায় পৌঁছালে
মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীই মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিকে চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে নাজিম হোসাইন মৃত্যবরণ করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় আহত আবিরকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ঢাকায় গিয়ে আইফোন মেরামতের কাজ শেখার পাশাপাশি সেখানে টেকনিশিয়ান হিসেবে যোগ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন নাজিম। ঢাকায় চলে যাওয়ার উদ্দেশ্যেই তিনি সুজন টেলিকমের চাকরিটি ছেড়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে রাজধানী যাওয়ার আগেই এক সড়ক দুর্ঘটনা তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিল।
নাজিমের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
আপনার মতামত লিখুন :