• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো নজরুল বর্ষ উদযাপন

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নোয়াখালীতে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচি শেষ হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

গত ২ জুলাই জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরবর্তী দুই দিন জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্পী, সংস্কৃতিকর্মী ও অভিভাবকরা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শেখ সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা, জেলা কালচারাল কর্মকর্তা ফয়েজ উল্লাহ, নৃত্য প্রশিক্ষক বাণী সাহা এবং জাসাসের সভাপতি লিয়াকত আলী খান।

শেষ দিনের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় রমানাথ সেন সংগীতাঙ্গন, নৃত্যরূপ নোয়াখালী, উচ্ছ্বাস কলা কেন্দ্র, উন্মেষ সাংস্কৃতিক গোষ্ঠী এবং জাসাস। সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁরা নজরুলের সাম্য, মানবতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে নিজেকে বিকশিত করার পাশাপাশি সমাজে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর