
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার সরকারি রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সকালে চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডে বাদি গাছ তলা নামক স্থানে রামকুমার সাহার বাড়ির এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পাপন সাহা সহ বসত বাড়ির অনেকেই অভিযোগ করেন, প্রায় শত বছর আগে তাদের পরিবারের জমির ওপর দিয়ে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে একটি রাস্তা তৈরি করা হয়। পরবর্তীতে ওই রাস্তা চৌমুহনী পৌরসভার রেকর্ডে চলাচলের রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং সরকারি অর্থায়নে রাস্তা পাকাকরণ ও সংস্কার করা হয়।
তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাস্তাটি দখলের চেষ্টা করে আসছেন। সর্বশেষ তারা রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ফেলে দেয়াল নির্মাণের উদ্যোগ নেন। এতে বাধা দিলে আবুল হাশেম, মো. সেলিম, বাপ্পি, সাফায়েত, রিপন ও মামুন বিভিন্ন ভাবে অশালীন আচরণ করেন। ফলে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে আরও বলেন, রাস্তা দখল হয়ে গেলে আমাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। এ ঘটনায় স্থানীয় একাধিক ব্যক্তিকে অবহিত করা হয়েছে।
অভিযুক্ত আবুল হাশেম বলেন, এটি আমাদের মালিকানা সম্পত্তি। আমাদের জায়গায় মধ্য দিয়ে চলাচলের রাস্তা হয়েছে। আমাদের জায়গার দলিল সহ সব রেকর্ড আছে। আমরা আমার জায়গায় মধ্যে দেয়াল নির্মান করতেছি। এখানে পাপন সাহার কোন সম্পত্তি নেই।
এ বিষয়ে ভুক্তভোগী পাপন সাহা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় পাপন সাহা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। উক্ত বিষয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন ঘোষ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :