• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

বেগমগঞ্জে কারিগরি শিক্ষার্থীদের সনদ, পুরস্কার ও গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী কম্পিউটার ও ইলেকট্রিক বিভাগের শিক্ষার্থীদের মাসব্যাপী ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সমাপনী উপলক্ষে সনদপত্র, পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে কলেজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ-সোনাইমুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন মিঠু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক সফল বার্তার সম্পাদক ও প্রকাশক মো. লিয়াকত আলী খান। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় নিজ উদ্যোগে খালি জায়গায় বৃক্ষরোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ উৎপল কুমার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ও বিটিআইয়ের চেয়ারম্যান রওশন আক্তার এবং নোয়াখালী জেলা উদ্যোক্তা পূর্ণ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার।

অনুষ্ঠানে ইলেকট্রিক বিভাগের ৫০ জন এবং কম্পিউটার বিভাগের ৬২ জন শিক্ষার্থীর মাঝে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সমাপনী সনদ বিতরণ করা হয়। এছাড়া বাস্কেটবল নিক্ষেপ, পিলো পাস ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর