• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুলাই, ২০২৬

হাতিয়ায় ৩ নম্বর সতর্কসংকেত নৌযান চলাচল বন্ধ

উপজেলা সংবাদদাতা, হাতিয়া : বৈরী আবহাওয়ার কারণে জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় এবং স্থানীয় নদীগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত জারি করায় প্রশাসন আজ রোববার সকাল থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল থেকেই হাতিয়ার নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট,তমরদ্দিঘাট থেকে ঢাকাগামী ও দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের ভিড় করতে দেখা যায়। তবে বৈরী পরিস্থিতির কারণে ঘাট থেকে কোনো ফেরি, সি-ট্রাক কিংবা সাধারণ ট্রলার ছাড়েনি।

আকস্মিক এই যোগাযোগ বিচ্ছিন্নতায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী। অনেকেই জরুরি কাজের জন্য ঘাটে এসে আটকা পড়েছেন।

​ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরের বর্তমান পরিস্থিতি নৌযান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফেরি ‘মহানন্দা’র মাস্টার তোফাজ্জল হোসেন জানান, ৩ নম্বর সতর্কসংকেত চলার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত কোনোভাবেই নৌযান চালানো সম্ভব নয়।

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থেই হাতিয়া-চেয়ারম্যানঘাট এবং নলচিরা রুটের সব ধরনের সরকারি-বেসরকারি নৌযান চলাচল স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আবার আগের মতো যাতায়াত শুরু হবে। ততক্ষণ পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।

​উপকূলীয় এলাকার সাধারণ মানুষকে এই দুর্যোগপূর্ণ সময়ে সচেতন থাকার এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন