প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ জুলাই, ২০২৬

মাইজদী-সোনাপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলার মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাস এবং মোটরযানের লুব্রিকেন্ট (ইঞ্জিন অয়েল) বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিশেষ তদারকি অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জুলাই মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্য অনুসরণ না করায় মেসার্স সাব্বির এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা এবং মেসার্স আনজুম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অনুমোদনহীন ও নকল লুব্রিকেন্ট (লুব ওয়েল) বিক্রির দায়ে মেসার্স মোহাম্মদ ট্রেডার্স (গোল্ডেন অটো) নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে অংশ নেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর