প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০২৬

চৌমুহনীতে দুই হাসপাতালকে ১৫ দিনের জন্য বন্ধের নির্দেশ

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় অবস্থিত দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই হাসপাতালকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় শর্ত পূরণ ও কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত ১৫ দিনের জন্য হাসপাতাল দুটির কার্যক্রম বন্ধ রাখার প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা ভুমি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সাহাদাত হোসেন, নাবিলা হাসপাতালে পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট, প্রয়োজনীয় সংখ্যক নার্স এবং লেবার রুম না থাকায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নাবিলা জেনারেল হাসপাতালে লেবার রুম এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় একই আইনে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালটির সংযুক্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ওষুধ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট তিনটি মামলায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে আইনে উল্লেখিত শর্ত পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত উভয় হাসপাতালের কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বেগমগঞ্জ মডেল থানার এএসআই খুরশীদ সহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর