প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুলাই, ২০২৬

মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ

উপজেলা সংবাদদাতা, চাটখিল : মাদক সেবন ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে চুরির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমিরথি গ্রামের সাহেব বাড়ির বাসিন্দা আনিছুর রহমান জুয়েল।

বুধবার (৭ জুলাই) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে জুয়েল বলেন, একই বাড়ির তাজুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার (৪২) ও তার মেয়ে তাসবিন আক্তার (২০) পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে সিধ কেটে স্বর্ণালংকার চুরির মিথ্যা অভিযোগ তুলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, শিউলী আক্তারের ছেলে ও তার সহযোগীরা এলাকায় মাদক সেবন ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। তিনি এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

জুয়েল আরও দাবি করেন, সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা তার নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকার পাইপসহ বিভিন্ন স্যানিটারি সামগ্রী নিয়ে গেছে। এসব ঘটনা আড়াল করতেই তার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।

তিনি প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, যদি প্রকৃতপক্ষে কোনো চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন