
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে এক গৃহবধূর বিরুদ্ধে শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর শাশুড়ি।
অভিযোগকারী নার্গিস আক্তার (৪৫) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিলপুর এলাকার বাসিন্দা।
অভিযোগে নার্গিস আক্তার দাবি করেন, তাঁর ছেলে দুবাইপ্রবাসী। প্রায় নয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁর ছেলে কোহিনুর আক্তারকে বিয়ে করেন। তাঁদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, পুত্রবধূ দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত ছিলেন। বিষয়টি তাঁর স্বজনদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে কোহিনুর আক্তার বড় ছেলেকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলে ছোট সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
নার্গিস আক্তারের অভিযোগ, বাড়ি থেকে যাওয়ার সময় কোহিনুর আক্তার ঘরে থাকা একটি প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং আরও কিছু মালামাল নিয়ে যান।
তিনি আরও অভিযোগ করেন, পরে আত্মীয়স্বজন ও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। এ সময় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় কোহিনুর আক্তারসহ চারজনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নার্গিস আক্তার। তিনি তাঁর নাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :