প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৬

চাটখিল মহিলা কলেজের সভাপতি হলেন আক্তারুন্নেছা আতিয়া

উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এর পদত্যাগ এবং পরবর্তীতে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন শেষে, এবার বর্তমান সাংসদ ব্যারিস্টার খোকনের স্ত্রী আক্তারুন্নেছা আতিয়াকে কলেজের নতুন সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশের এই তথ্যটি নিশ্চিত করেছেন।

২০২৫ সালের ২৪ এপ্রিল ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকনকে চাটখিল মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে ২ বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে সংসদ নির্বাচন উপলক্ষে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি এই দায়িত্বে থাকতে অপরাগতা প্রকাশ করেন। গত ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে তিনি স্বেচ্ছায় উক্ত পদ থেকে পদত্যাগ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র পাঠান।

ব্যারিস্টার খোকন পদত্যাগ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় এক আদেশের মাধ্যমে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব প্রদান করে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনেও নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা বজায় রাখতে উপজেলা পর্যায়ের কলেজগুলোতে ইউএনও-দের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংশোধিত আদেশে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের মনোনয়ন পরিবর্তন করা হয়। তদাস্থলে সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার খোকনের স্ত্রী আক্তারুন্নেছা আতিয়া-কে কলেজের নতুন সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

চাটখিল মহিলা ডিগ্রি কলেজ এই অঞ্চলের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। এই গৌরবময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে সুনামের সাথে নিয়োজিত আছেন। শুধু তাই নয়, এই কলেজের কৃতী ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বুয়েট এবং দেশের বিভিন্ন নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজগুলোতে অত্যন্ত সুনামের সাথে অধ্যয়ন করছেন; যা চাটখিল অঞ্চলের নারী শিক্ষার অগ্রগতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নবনিযুক্ত সভাপতি আক্তারুন্নেছা আতিয়া নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন উচ্চতর ডিগ্রিধারী। তিনি ঢাবির রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে ১৯৮২ সালের পরীক্ষায় অংশ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে ‘মাস্টার অব সোশ্যাল সায়েন্সেস’ (MSS) ডিগ্রি লাভ করেন।

সভাপতি হিসেবে তার এই মনোনয়ন আগামী ২৩ আগস্ট ২০২৭ তারিখ পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর