
উপজেলা সংবাদদাতা, হাতিয়া : টানা কয়েক দিনের ভারী বর্ষণে জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো। কাজের সুযোগ কমে যাওয়ায় অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না। শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি পরিবারকে শুকনো খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া পৌরসভা, বুড়িরচর, নিঝুম দ্বীপসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়িঘর, আঙিনা ও সড়কে পানি জমে গেছে। অনেক এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। এতে খাদ্য সংকটে ভুগছে অসংখ্য পরিবার।
এমন পরিস্থিতিতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের নেতৃত্বে হাতিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে ‘হাতিয়া টিম’-এর সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
পানিবন্দি বাসিন্দা মো. আবুল কালাম জানান, টানা বৃষ্টিতে আমাদের ঘরবাড়ির চারপাশে পানি জমে গেছে। কয়েকদিন ধরে কাজে যেতে পারছি না। পরিবারের খাবার নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে এসে শুকনো খাবার দেয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।
গৃহবধূ রাবেয়া বেগম জানান, ছোট ছোট সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটছে। বাজারে যাওয়াও সম্ভব হচ্ছে না। প্রশাসনের এ সহায়তা আমাদের জন্য অনেক উপকার হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা দেয়া হবে। দুর্যোগে কোনো পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।
আপনার মতামত লিখুন :