প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জুলাই, ২০২৬

সেনবাগে ডা. মফজলুর রহমান মজুমদার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে সিদীপ মডার্ন স্কুলের উদ্যোগে ডা. মফজলুর রহমান মজুমদার (মকু চেয়ারম্যান) ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫-এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কানকিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও জার্মান প্রবাসী ব্যবসায়ী শওকত আলী মজুমদার (জাখিন)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জয়নুল আবদিন ফারুক বলেন, অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদক ব্যবসার মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করেছে। বর্তমানে সেই মাদক ব্যবসা হাতবদল হয়ে বিএনপির কিছু নেতাকর্মীর কাছেও পৌঁছেছে বলে অভিযোগ রয়েছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের সতর্ক করে বলেন, এখনও সময় আছে—মাদক ব্যবসা ছেড়ে তওবা করে সৎপথে ফিরে আসুন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বেত দিয়ে নয়, বরং আদর-ভালোবাসা, মানবিক আচরণ ও সুশিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। একজন শিক্ষকই পারেন একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূর কবির হুমু, কেশারপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেলিম চৌধুরী, সদস্য সচিব সানজিদ কামাল, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার রিয়াজ আলী মজুমদার (রুমিন), লিয়াকত আলী মজুমদার (মোহন), ইঞ্জিনিয়ার ফরমান আলী মজুমদার (তুহিন), যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার মশিউর রহমান মজুমদার (রিটন) এবং সিদীপ মডার্ন স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুর রহমান।

অনুষ্ঠানের শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর