প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জুলাই, ২০২৬

ফুটবল খেলা দেখতে গিয়ে কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ

সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে ফুটবল খেলা দেখতে গিয়ে এক কিশোর ছুরিকাঘাতের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত কিশোর নাজমুল হাসান সিয়াম (১৭) উপজেলার দুর্গানগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বাবা নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, বিকেলে তার ছেলে বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে ইয়ামিন, রিপন, সিফাত ও রাহিম নামে চার কিশোর তার ওপর হামলা চালায়।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সিয়ামের পিঠে আঘাত করা হয়।

তিনি জানান, ছুরির আঘাত পিঠের গভীরে ঢুকে যাওয়ায় সিয়ামের অবস্থা গুরুতর হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অক্সিজেন সাপোর্ট দেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তার অভিযোগ, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।

তবে এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ফুটবল খেলা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সিয়ামের পিঠে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর