
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মাস্টার গোলাম মাওলা বাবু ও নুর হোসাইন সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটিতে আত্মীয়স্বজনকে নয়, এমন ব্যক্তিদের রাখা উচিত যারা নিরপেক্ষভাবে বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থী বৃদ্ধি ও মানোন্নয়নে কাজ করবেন।
তিনি জাতীয় সংসদের কার্যপ্রণালীর উদাহরণ টেনে বলেন, সংসদে কোনো বিল পাস হতে হলে সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হয়। একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতামতের মূল্যায়ন করতে হবে।
শিক্ষক বদলির নামে তদবির বাণিজ্যের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ যদি শিক্ষক বদলির তদবির বা বাণিজ্য করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।”
সভায় তিনি শিক্ষক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছয় সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন কামাল উদ্দিন, নুর উল্লাহ, গোলাম মাওলা বাবু, জয়নাল আবেদীন, তাহমিনা মাহমুদ ও রোকেয়া বেগম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ। এছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সহকারী শিক্ষক আফরোজা বেগম, জয়নাল আবেদীন, শিপা রানীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত শিক্ষকদের মাঝে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :