
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ কোম্পানীগঞ্জ-কবিরহাট কওমি মাদ্রাসা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ৪র্থ শিক্ষক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কওমি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক দায়িত্ববোধ এবং যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার (১২ জুলাই) সকাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। এতে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা এবং দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কোম্পানীগঞ্জ-কবিরহাট কওমি মাদ্রাসা ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন জামিয়াতুন নূর, চট্টগ্রামের মুহতামিম মুফতি ওবায়দুল্লাহ হামজা।
মাওলানা ইহসান আবরার ও মাওলানা নুরুজ্জামান হেলালীর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন সোনাগাইজী দারুল উলুম আল-হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিব্বির আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ-কবিরহাট কওমি মাদ্রাসা ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আলী আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমুদুল হাসান, সহ-সেক্রেটারি মাওলানা হাফেজ কামাল উদ্দিন এবং বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি হেদায়েত উল্যাহ, মাওলানা নেয়ামত উল্যাহ এবং কারী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেম-ওলামারা।
সম্মেলনে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিতব্য ৫ম বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। আগামী ২৬ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কওমি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ববোধ জোরদার করা এবং আধুনিক সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও আদর্শ শিক্ষক গড়ে তোলা সময়ের দাবি। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :