
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : মাইজদী শহরের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর মুসলিম কলোনির একটি কাঠের সাঁকো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ এ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা চলাচল করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুসলিম কলোনিতে কয়েক শত পরিবার বসবাস করে। এলাকার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম এই কাঠের সাঁকো। দীর্ঘদিন ধরে সাঁকোটির স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে প্রতিবছর এটি মেরামত করে ব্যবহার করে আসছেন।
স্থানীয় বাসিন্দা ফরহাদ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মুসলিম কলোনির মানুষ এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাঁকোটির দুরবস্থা তুলে ধরে দ্রুত মানুষের চলাচলের ব্যবস্থা এবং এটিকে স্থায়ী সেতুতে রূপান্তরের দাবি জানান।
অন্য বাসিন্দা রবিউল ইসলাম জানান, মাইজদী মহিলা কলেজ রোডের পূর্ব পাশে অবস্থিত মুসলিম কলোনির এই কাঠের সাঁকো দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এ এলাকায় প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের বসবাস। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ প্রয়োজন।
স্থানীয়দের দাবি, জরাজীর্ণ সাঁকোটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি। তাই দ্রুত সাঁকোটির সংস্কার অথবা স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারা।
আপনার মতামত লিখুন :