প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২৬

জেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৭, উদ্ধার মাদক-অস্ত্র ও মোবাইল

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশের মাসব্যাপী বিশেষ অভিযানে ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক সভায় উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে এসব অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক, অবৈধ অস্ত্র ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের মাসিক প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৪ হাজার ৬১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অপরাধ দমনে অভিযানে চারটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১টি ছোরা, একটি কাটার মেশিন ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আদালতের এক হাজার দুটি গ্রেপ্তারি পরোয়ানা ও ৭৪টি সাজা পরোয়ানা কার্যকর করেছে পুলিশ।

যানবাহন চোর চক্রের বিরুদ্ধে অভিযানে চারটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও চারটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন থানায় দায়ের করা ৬৬৩টি জিডির সূত্র ধরে ২৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ জুন মাসে ৬৩৭টি প্রসিকিউশনের মাধ্যমে ২৩ লাখ ৪৪ হাজার ১০০ টাকা জরিমানা করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মহি উদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে সফলতা আসছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, জনগণের সহযোগিতা নিয়ে নিরাপদ ও জনবান্ধব নোয়াখালী গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার (এসপি) এন এম নাসির উদ্দিন বলেন, মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান কঠোর। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর