
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনসমূহের মাঝে সাংবাদিকদের সংগঠন উল্লেখযোগ্য, আমি প্রত্যাশা করি সাংবাদিকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত কার্যক্রমের ইতিবাচক দিকসমূহ তারা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে বিশ্ববিদ্যলয়ের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে। আমার যোগদানের তিনমাস অতিক্রান্তের এ সময়ে বিশ্ববিদ্যলয়ের সংবাদ তুলে ধরার ক্ষেত্রে আমি সাংবাদিক সমিতির গঠনমূলক কার্যক্রম প্রত্যক্ষ করেছি, এ জন্য তাদের প্রশংসা করছি। এ সময় উপাচার্য, যে সকল সংবাদের সংবাদ উপযোগিতা নেই, তা সংবাদ প্রতিবেদন হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মিডিয়ায় প্রচার করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, যে সকল নেতিবাচক ঘটনা সাংবাদিকদের নজরে আসে, তা গণমাধ্যমে প্রচারের আগে যেনো নোবিপ্রবি প্রশাসনের নজরে আনা হয় সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় নেতিবাচক সংবাদ বেশি প্রচারিত হলে, বিশ্ববিদ্যালয় পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং নোবিপ্রবির উন্নয়নমূলক পদক্ষেপসমূহ বাধাগ্রস্ত হবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামোগত বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা যখন মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরে যাবো, নেতিবাচক সংবাদের ফলশ্রুতি হিসেবে আমরা প্রত্যাশিত সহযোগিতা নাও পেতে পারি। আমি অনুরোধ করবো, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ সর্বোপরি আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেনো এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালা, শিক্ষার্থীদের কল্যাণে গৃহিত প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তসমূহের সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, প্রক্টর ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা এ এফ এম আরিফুর রহমান। কর্মশালায় সেশন স্পিকার হিসেবে ছিলেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, মাল্টিমিডিয়া রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইত্তেফাকের হেড অব মাল্টিমিডিয়া ফখরুল ইসলাম, শাবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জাবেদ ইকবাল এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বণিক বার্তার প্রতিবেদক আব্দুল কবির ফারহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় নোবিপ্রবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন প্রাঙ্গণে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে একটি ফলদ গাছের চারা রোপণ করেন।
প্রসঙ্গত, প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন সেশনে কার্যক্রমের মধ্যে ছিল, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম: প্রসঙ্গ ক্যাম্পাস সাংবাদিকতা, ক্যাম্পাস টু প্রফেশনাল জার্নালিজম; সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনের রোডম্যাপ, সাংবাদিকতার মৌলিক ধারণা: সংবাদ প্রতিবেদন, ফিচার রাইটিং ও সাংবাদিকতার নৈতিকতা এবং মোবাইল জার্নালিজম, মাল্টিমিডিয়া রিপোর্টিং ও ডিজিটাল সাংবাদিকতা।
আপনার মতামত লিখুন :