প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ জুলাই, ২০২৬

সেনবাগে বাসা ভাড়া না দেওয়ায় বিধবার বাড়িতে হামলা-ভাঙচুর

উপজেলা সংবাদদাতা, সেনবাগ : সেনবাগে বাসা ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে এক বিধবার বসতঘরে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানীর অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতে ক্ষতিগ্রস্ত সেলিনা আক্তার স্বশরীরে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর সি আর-২৯৮।

মামলার আসামিরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনী মিজি বাড়ি এলাকার বাসিন্দা মো. রেজাউল কাদের নাঈম, তার বাবা মো. ফিরোজ আলম এবং মা মোছা. জেসমিন আক্তার।

আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, প্রায় দুই বছর আগে বাদী সেলিনা আক্তারের স্বামী হুমায়ুন মারা যাওয়ার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় বসবাস করছেন। প্রয়োজন হলে তিনি নিজ বাড়িতে আসেন। এ সময় প্রতিবেশী রেজাউল কাদের নাঈমের পরিবার তার বাড়ির একটি বাসা ভাড়া নিতে চাইলে তিনি তাতে সম্মতি দেননি। এরপর থেকেই আসামিরা তাকে বিভিন্নভাবে হয়রানি, অশালীন গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা পাওনা টাকার দাবি করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, গত শনিবার আসামিরা সংঘবদ্ধভাবে সেলিনা আক্তারের বাড়িতে হামলা চালিয়ে ভবনের চারটি থাই গ্লাস, প্রধান ফটক ও বিভিন্ন ফলজ গাছ ভাঙচুর ও কেটে ফেলে ক্ষতি সাধন করে। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করা হয় এবং শ্লীলতাহানী করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেলিনা আক্তার নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর