
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ফারুক ওরফে শহীদ মেস্তুরী (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কবিরহাট ফাইয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক ওরফে শহীদ মেস্তুরী কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মনু মেস্তুরী বাড়ির চৌধুরী মেস্তুরীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রথমে তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চৌমুহনী এলাকায় তিনি মারা যান।
নিহতের ছেলে মো. ইমরান হোসেন অভিযোগ করে বলেন, “আমার বাবা মাদকের বিরুদ্ধে কথা বলতেন। এ কারণে গত রাত প্রায় ১১টার দিকে কবিরহাট ফায়ার সার্ভিসের সামনে মো. আকাশ (আকা) তাকে ছুরি দিয়ে আঘাত করে।পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভিযুক্ত মো. আকাশ (আকা) (২৬) সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মনু মুন্সি বাড়ির আমিন উল্লাহর ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবারের দাবি, এ ঘটনায় জ্ঞাত ও অজ্ঞাত আরও কয়েকজন জড়িত ছিলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের ছেলে আরও বলেন, “আমি চাই আমার বাবার হত্যার বিচার হোক এবং দেশ থেকে মাদক নির্মূল করা হোক।
হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত আকাশকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় আকাশকে নিজেদের হেফাজতে নেয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :