প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৬

মাইজদীতে জুলাই শহীদ দিবস পালিত, স্মরণ করা হলো শহীদদের আত্মত্যাগ

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : মাইজদীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই চেতনা জাগ্রতকরণ ও জনসচেতনতা সৃষ্টি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ ও তাঁদের অবদান তুলে ধরে বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা শিল্পকলা একাডেমি, সিভিল সার্জন কার্যালয় এবং নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকেও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কর্মসূচিতে জুলাই শহীদদের পরিবারবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর