প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৬

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ এবং সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার।

সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. এ. আজিম চৌধুরীর সভাপতিত্বে এবং আলাউদ্দিন আলোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌস আরা, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক হারুন, আবদুল মান্নান, এ. এইচ. লিটন, রফিকুল ইসলাম রবি, উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার এবং সংস্থার বিশেষ সদস্য হাবিব উল্যা।

কর্মসূচির আওতায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, এম. এম. চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং সেনবাগ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩০০টিরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকেও বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রত্যয়ে সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর