প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৬

সেনবাগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনবাগ উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আহতদের যথাযথ পুনর্বাসন এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ পৌরসভার প্রশাসক রেদওয়ান ইসলাম, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর ইয়াছিন করিম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, উপজেলা প্রকৌশলী নাছির উদ্দীন, জুলাই শহীদ শাহাদাত হোসেন শাওনের পিতা বাছের আলম, জুলাই আন্দোলনে আহত ইয়াছিন আরাফাত সুমন, উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মিনারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ছানা উল্লাহ এবং আলাউদ্দিন আলো।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর