
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : মাইজদী থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) এবং সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকার রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে সদর উপজেলার সোনাপুর এলাকা থেকে জয়দেব নামে এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। পরে শুক্রবার চক্রের সদস্য ফয়সাল মোটরসাইকেলটি ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে জয়দেবের কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পরও মোটরসাইকেল ফেরত না দিয়ে টালবাহানা করলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে নির্দিষ্ট স্থানে ডেকে এনে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এর মধ্যে গত ১২ জুলাই রাতে জেলা শহরের মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরি যাওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এছাড়া সোনাপুর এলাকা থেকে চুরি হওয়া জয়দেবের মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।
ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছিল। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :