
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ ভিত্তিক সামাজিক সংগঠন সেইভ লাইফ ফাউন্ডেশন।
সংগঠনটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে পুনর্বাসনের অংশ হিসেবে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ ওমর সানী আকন অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও ঘর মেরামতের জন্য টিন বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড পরিদর্শন করেন সেইভ লাইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দলের দুটি ইউনিট।
পরিদর্শনকালে স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে তাদের বর্তমান অবস্থা, বন্যায় হওয়া ক্ষয়ক্ষতি এবং জরুরি প্রয়োজন সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ে কাজ করে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হয়। পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩৫টি পরিবারকে পুনর্বাসন সহায়তার জন্য নির্বাচন করে তাদের হাতে নগদ অর্থ ও টিন বাবদ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেইভ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফরহাদ উদ্দিন। এছাড়াও সংগঠনের সদস্য সৌরভ, শাহীন সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা কার্যক্রমে অংশ নেন।
সেইভ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফরহাদ উদ্দিন বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ উদ্যোগে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :