প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ জুলাই, ২০২৬

হাতিয়ায় জমি দখলের অভিযোগে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার : হাতিয়ায় এক সিএনজি চালকের সরকারি বন্দোবস্তীয় জমি জোরপূর্বক দখল, নগদ টাকা ও স্বাক্ষর করা স্ট্যাম্প আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় এক ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মো. ইসমাইল হোসেন (৪৩) নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে সি.আর-১৫৭/২০২৬ নম্বর মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে হাতিয়ার বয়ার চরের পাটোয়ারী ব্রিকস্ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং’-এর স্বত্বাধিকারী মো. আলী আকবর রক্সি (৫৫) কে। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আফজাল (বিনিহাট) এলাকার বাসিন্দা এবং ফিরোজ পাটোয়ারীর ছেলে।

মামলার এজাহার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. ইসমাইল হোসেন মাইজদীতে ভাড়া বাসায় থেকে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ২০০৮ সালের ২৪ জুলাই সরকারি বন্দোবস্তের মাধ্যমে (বন্দোবস্তীয় নথি নং-১৮১৬/২০০৭-০৮, এসএ নং-২৩১০/২০০৭-০৮) তিনি ও তাঁর স্ত্রী হাতিয়া উপজেলার বয়ার চর মৌজায় ১ একর (১০০ শতাংশ) জমির মালিকানা লাভ করেন। এরপর থেকে তারা ওই জমি ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, বাদীর জমির পাশেই আসামির মালিকানাধীন ব্রিকফিল্ড থাকায় সেটির পরিধি বাড়ানোর উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে প্রভাব খাটিয়ে জমির সীমানা, আড়াকান্দি ও গাছপালা কেটে জমির একটি অংশ ব্রিকফিল্ডের অন্তর্ভুক্ত করে সেখানে ইট তৈরির খলা নির্মাণ করা হয়। পাশাপাশি পুরো জমি বিক্রি করে দেওয়ার জন্য বাদীর ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

বাদী মো. ইসমাইল হোসেন বলেন, আমি একজন সাধারণ সিএনজি চালক। আমার সরকারি বন্দোবস্তের জমি জোরপূর্বক দখল করা হয়েছে। আমার কাছ থেকে স্বাক্ষর করা খালি স্ট্যাম্পও নেওয়া হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও এবং আদালতের কাছে অনুরোধ, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমার স্বাক্ষর করা খালি স্ট্যাম্প উদ্ধারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্রিকফিল্ড মালিক মো. আলী আকবর রক্সির বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর