
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব নুরনবী মজুমদার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (১৮ জুলাই) তিনি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে নুরনবী মজুমদার উল্লেখ করেন, তিনি গত পাঁচ বছর ধরে সেনবাগ উপজেলা কৃষক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে তিনি মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হয়ে বিএনপির একজন ত্যাগী কর্মী হিসেবে রাজনীতি করেছেন বলেও দাবি করেন।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি তাদের রাজনৈতিক সহযোদ্ধা, কেশারপাড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল খালেক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার চিকিৎসার জন্য গত ১৬ জুলাই রাজনৈতিক সহযোদ্ধাদের কাছ থেকে ৫০ হাজার টাকা সংগ্রহ করে রোগীর হাতে তুলে দেন। পরে সহযোগিতাকারীদের নামের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, এ ঘটনায় কোনো দাতার অভিযোগ না থাকা সত্ত্বেও দলের কয়েকজন নেতা তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। একজন মৃত্যুপথযাত্রী রাজনৈতিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর কারণে রাজনৈতিকভাবে বাধার সম্মুখীন হয়েছেন বলে দাবি করে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি জেলা কৃষক দলের নেতৃবৃন্দের কাছে তার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ জানান। তবে এ বিষয়ে জেলা কৃষক দলের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :