
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলার মাইজদীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান নাফকো ফার্মা পিএলসি.-এর শাখার উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি ও হৃদরোগসহ বিভিন্ন বিষয়ে মোট পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।
তাঁদের মধ্যে ছিলেন গাইনি মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতিমা (এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়), নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. নাহিদ হাসান, প্রাইম হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. হিমেল আহসান এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইয়াসিন আরাফাত বিপুলসহ আরও একজন চিকিৎসক।
নাফকো ফার্মা পিএলসি.-এর সিনিয়র ব্র্যান্ড অফিসার মোতালেব শেখ সজল জানান, ক্যাম্পে প্রায় তিন লাখ টাকার ওষুধ আনা হয়েছিল। এর মধ্যে দুই লাখ টাকারও বেশি মূল্যের ওষুধ বিনামূল্যে রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
নাফকো ফার্মা পিএলসি.-এর নোয়াখালী রিজিওনাল সেলস অফিসার মো. গিয়াস উদ্দিন জানান, প্রায় এক হাজার মানুষের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তবে সারাদিনের বৃষ্টির কারণে প্রত্যাশার তুলনায় রোগীর উপস্থিতি কিছুটা কম ছিল। তারপরও যারা সেবা নিয়েছেন, তারা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের দাবি জানান।
আপনার মতামত লিখুন :