
স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে ট্রাক চাপায় আব্দুর রহমান সুমন নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার একলাশপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সুমন চৌমুহনী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দেশব্যাপী কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম গত ১৬ জুলাই থেকে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে মোটরসাইকেলে করে তথ্য সংগ্রহের কাজে বের হন আব্দুর রহমান। একলাশপুর বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু হানিফ বলেন, সারা দেশে চলমান কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে আমাদের উপজেলার আটজন কর্মকর্তা মাঠে কাজ করছিলেন। তাদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান সুমনও ছিলেন। শনিবার সকালে তিনি কৃষকদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মাঠে বের হন। দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান সুমন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :