
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : নোয়াখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতিসাধক প্রয়াত বিমলেন্দু মজুমদারকে স্মরণে শনিবার (১৮ জুলাই) বিকেলে নোয়াখালী পৌর মিলনায়তনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল আবেদিন। সঞ্চালনা করেন অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর।
শুরুতে অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুনের নেতৃত্বে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন চাচাতো ভাই অ্যাডভোকেট বাবুল কান্তি মজুমদার, বড় মেয়ে সীমা মজুমদার ও ছোট মেয়ে রুমা মজুমদার।
স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, সাবেক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম আকবর, বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. শাহাজাহান, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্লাহ, চৌমুহনী কলেজের অধ্যক্ষ আবুল বাশার, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা সভাপতি আবুল কাশেম, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটারের মহাসচিব ফরিদ উদ্দিন মনু, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালী সহসভাপতি মো. কামাল উদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অজয় আচার্য, লেখক ও গবেষক ম. পানা উল্যাহ, প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র দেবনাথ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত কুমার কর্মকার, সহকারী শিক্ষক হুমায়রা সিদ্দিক, তাঁর ছাত্র শামসুল ইসলাম মজনু এবং সহকর্মী সাবেক প্রধান শিক্ষক বোরহান আহমেদ।
বক্তারা বলেন, বিমলেন্দু মজুমদার নোয়াখালীর সাহিত্য, সংস্কৃতি, নাটক, সংগীত ও আবৃত্তিচর্চায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ, শিক্ষা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এ সময় নারায়ণ চন্দ্র শীল নোয়াখালী শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম ‘বিমলেন্দু মজুমদার সড়ক’ করার এবং তাঁর একটি ভাস্কর্য স্থাপনের দাবি জানান।
সাংস্কৃতিক পর্বে শুক্লা মজুমদার পরিবেশন করেন ‘ও আমার ঘরের শোভা’।
এরপর কাজল ভট্টাচার্য, শুক্লা মজুমদার, সীমা মজুমদার ও সঞ্চিতা নন্দী পরিবেশন করেন ‘আমরা মেঘনা চরের হোলা’। পরে কাজল ভট্টাচার্য, শুক্লা মজুমদার, সঞ্চিতা নন্দী, সীমা মজুমদার, সনজিত দাস ও সুজিত কুমার কর্মকার পরিবেশন করেন ‘তুমি যদি বৈঠা ধর’ ও ‘কেন বাংলাকে ভালোবাসি জানো কি’। তবলায় সংগত করেন শিমুল দাস।
আপনার মতামত লিখুন :