প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২৬

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে নোয়াখালীর দুই স্বর্ণ, এক রৌপ্য

স্টাফ রিপোর্টার : ঢাকার সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র (অনূর্ধ্ব-২১) ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার তিন কারাতে খেলোয়াড় দুইটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে এনেছেন।

শনিবার (১৮ জুলাই) থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের ৭০০-এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় সৈয়দ মোহাম্মদ মহররম অলি ও ইয়াসিন আরাফাত নাহিদ নিজ নিজ ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ইব্রাহিম ইসলাম সাকিব রৌপ্যপদক জিতে নেন।

খেলোয়াড়দের এ সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা, কারাতে সংগঠক, কোচ ও ক্রীড়াপ্রেমীরা বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

এদিকে জেলা কারাতে কোচ সৈয়দ নূর মোহাম্মদ রকি এশিয়ান কারাতে ফেডারেশনের (AKF) স্বীকৃত কারাতে কোচ হিসেবে লাইসেন্স অর্জন করেছেন। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এ লাইসেন্স অর্জনের মাধ্যমে জেলার কারাতে অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কোচের সংযোজন জেলাতে কারাতে খেলার বিকাশ ও নতুন প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর