
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম বাহাদুরপুর গ্রামের দীর্ঘদিনের অবরুদ্ধ সাতটি পরিবারের চলাচলের পথ অবশেষে উন্মুক্ত হয়েছে।
১১২ বছরের পুরোনো একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে ১১ ফুট উঁচু দেয়াল নির্মাণের ঘটনায় সৃষ্ট মানবিক সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাদের জন্য বিকল্প চলাচলের রাস্তার ব্যবস্থা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার হারুনুর রশিদ সাতটি পরিবারের একমাত্র যাতায়াতের পথ বন্ধ করে ১১ ফুট উঁচু দেয়াল নির্মাণ করলে পরিবারগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এতে তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম মানবিক সংকটের সৃষ্টি হয়।
গত ১৭ জুলাই বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।
এরপর রোববার (১৯ জুলাই) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর ঘটনাস্থল পরিদর্শন করেন। আদালতে মামলাটি বিচারাধীন থাকলেও মানবিক দিক বিবেচনায় তিনি তাৎক্ষণিক উদ্যোগ নেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় অবরুদ্ধ পরিবারগুলোর জন্য বিকল্প চলাচলের রাস্তার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিনের ভোগান্তির পর চলাচলের সুযোগ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বলেন, “প্রতিপক্ষকে ৩৯৬ অথবা ৩৯৭ দাগ দিয়ে যাতায়াত করতে দিতে হবে। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন, তাই আদালত থেকে একটি সুন্দর সিদ্ধান্ত আসবে বলে আশা করি। তবে আপাতত রাস্তা বন্ধ করে রাখার অধিকার কারও নেই।”
আপনার মতামত লিখুন :