
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলার সোনাপুরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডলি আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২০ জুলাই) রাত ৮টা ৫ মিনিটের দিকে সোনাপুর এলাকার ইসলামিয়া রোডের শাওন হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় শাওন হোটেলের ভেতর থেকে মধ্যম করিমপুর এলাকার বাসিন্দা ডলি আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ডলি আক্তারের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :