প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ জুলাই, ২০২৬

মাইজদী-দত্তের হাটে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক: সদর উপজেলার মাইজদী টাউনহল মোড় ও দত্তের হাট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ তদারকি অভিযানে দুটি বিরিয়ানি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে টাউনহল মোড়ের মেসার্স হাজী বিরিয়ানি হাউজে বাসি খিচুড়ি, তেহারি, বিরিয়ানি ও সিদ্ধ ডিম পলিথিনে ভরে ফ্রিজে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। স্থানীয় ভোক্তাদের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটির খাবার থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। পরিদর্শনে বাসি খাবার সংরক্ষণের যৌক্তিক কারণ দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা বাসি খাবার ধ্বংস করা হয়।

এদিকে দত্তের হাট এলাকার মেসার্স টোকিও কাচ্চি বাড়ি নামের আরেকটি প্রতিষ্ঠানে কাচ্চিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, খাবারে রং আনতে ‘কাশ্মীরি চিলি’ নামে রং ব্যবহার এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে এলাকায় সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তাও তদারকি করা হয়। এছাড়া ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়। অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর