প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ জুলাই, ২০২৬

এনআইডি সংশোধনে ৭০ হাজার ঘুষের অভিযোগে বেগমগঞ্জে তোলপাড়

????????????

মোহাম্মদ হানিফ, নিজস্ব প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আশ্বাস দিয়ে ৭০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক এমএলএসএস (পিয়ন)-এর বিরুদ্ধে। অভিযোগকারী দাবি করেছেন, টাকা নেওয়ার পরও নির্ধারিত সময়ে কাজ না করে উল্টো টাকা ফেরত চাইলে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় নির্বাচন কমিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে ঘুষ গ্রহণের একটি ছবিও সংযুক্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
লিখিত অভিযোগে বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম জানান, তাঁর জাতীয় পরিচয়পত্রে বাবা ও মায়ের নাম ভুল থাকায় তিনি অনলাইনে সংশোধনের আবেদন করেন। প্রায় এক সপ্তাহ পর উপজেলা নির্বাচন অফিসে গেলে অফিসের এমএলএসএস (পিয়ন) শহিদ তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, শহিদ তাঁকে নির্বাচন কর্মকর্তার কক্ষের পাশের একটি কক্ষে নিয়ে বলেন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এনআইডি সংশোধনের কাজ করাতে হবে এবং তিনি চাইলে দ্রুত সেটি করে দিতে পারবেন। এজন্য তিনি ৭০ হাজার টাকা দাবি করেন। পরদিন ভুক্তভোগী ওই টাকা তাঁর হাতে তুলে দেন।

জহিরুল ইসলামের দাবি, টাকা দেওয়ার ১৫ দিন পার হলেও এনআইডি সংশোধনের কোনো অগ্রগতি হয়নি। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত শহিদ তা ফেরত না দিয়ে নিজেকে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। অভিযোগের সঙ্গে ঘুষ গ্রহণের একটি ছবিও সংযুক্ত করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মচারী বলেন, নির্বাচন অফিসের এমএলএসএস শহিদ দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করছেন। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, নির্বাচন অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগপত্রে আবেদনকারীর নাম-ঠিকানা ও মোবাইল নম্বরে কিছু অসঙ্গতি রয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি তাঁর জানা আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

অভিযোগ অস্বীকার করে  (পিয়ন) শহিদ বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগের আবেদনকারীর নাম-ঠিকানা সঠিক নয়। তাই অভিযোগের সত্যতা নেই।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর