প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকের ছেলে আহত, থানায় অভিযোগ

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ: কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় আশফাক উল্যা চৌধুরী (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় সংবাদপত্রের এজেন্ট ও গণমাধ্যমকর্মী জাফর উল্যা চৌধুরীর ছেলে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিনেমা হল রোডে ‘কোল্ড কর্নার’ নামের একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আশফাকের বাবা জাফর উল্যা চৌধুরী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—আজাদ (২২), সাবিক (২০), মিরাজ (২১) ও শাহিন (২৩)। তারা সবাই বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগপত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আশফাক সিনেমা হল রোড এলাকার একটি দোকানে বসে নাস্তা করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা লাঠি, লোহার রড, ধারালো কিরিছ ও জিআই পাইপ নিয়ে তাঁর ওপর হামলা চালান। ১ নম্বর অভিযুক্ত আজাদ লোহার রড দিয়ে আঘাত করলে আশফাকের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। একপর্যায়ে ৩ নম্বর অভিযুক্ত মিরাজ তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং অন্য একজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা চোখের চশমায় লেগে চশমা ভেঙে মুখমণ্ডল রক্তাক্ত হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি দামি মুঠোফোন ভেঙে নষ্ট হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশফাককে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মী জাফর উল্যা চৌধুরী বলেন, “অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত। কোনো কারণ ছাড়াই তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। ঘটনাটি নিয়ে পরিবারসহ আমরা চরম আতঙ্কে আছি।”

হামলার বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর