প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুলাই, ২০২৬

সেনবাগে জাফ ফাউন্ডেশনের জরুরি সভা অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে জয়নুল আবদিন ফারুক (জাফ) ফাউন্ডেশনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে অবস্থিত এমপি ভিলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাফ ফাউন্ডেশনের সভাপতি মিয়া মো. ইলিয়াস। এতে ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সেনবাগ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, বৃক্ষরোপণ কর্মসূচি শেষে পর্যায়ক্রমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারেন।

এছাড়া প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারের ঘরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। এ কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সভাপতির বক্তব্যে মিয়া মো. ইলিয়াস বলেন, “জাফ ফাউন্ডেশন মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষা, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

সভা শেষে ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর