প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুলাই, ২০২৬

সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, চাটখিল : নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের হুমকির প্রতিবাদে চাটখিলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় চাটখিল উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাটখিলে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো ও ছবি বিকৃত করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির মানহানি নয়, সাংবাদিক সমাজের ওপরও আঘাত। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

চাটখিল উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শাকুর, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মামুন চৌধুরী, দৈনিক নোয়াখালীর কথা উপজেলা সংবাদদাতা সিরাজুল ইসলাম হাছানসহ অন্যান্যরা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর