
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কাদা-পানি আর বড় বড় খানাখন্দে ঢেকে গেছে পথ, যানবাহন চললেই উল্টে যাওয়ার ভয়—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের চিত্র এখন এমনই। সড়কটির এমন করুণ দশা থেকে মুক্তি পেতে এবং দ্রুত টেকসই সংস্কারের দাবিতে রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বিকেলে থানারহাট জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যবসায়ী, গণপরিবহন চালক, শিক্ষার্থী ও সাধারণ পথচারীসহ সর্বস্তরের পথচলতি মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, বিগত প্রায় এক বছর ধরে সড়কটির অবস্থা চরম নাজুক হলেও দেখার কেউ নেই। ইট-সুরকি উঠে গিয়ে পুরো পথেই তৈরি হয়েছে মারাত্মক সব গর্ত। এতে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থী, রোগী ও পথচারীদের চরম নাভিশ্বাস উঠছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
মানববন্ধনে আসা একাধিক বক্তা অভিযোগ করেন, সড়কটি দ্রুত নষ্ট হওয়ার মূল কারণ ধারণক্ষমতার অতিরিক্ত বালু নিয়ে চলাচলকারী ভারী ড্রাম ট্রাক। এসব যানবাহন চলাচলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নজরদারি বা আইনি পদক্ষেপ না থাকায় কোটি কোটি টাকার নতুন সড়কও অল্প দিনে ধসে যাচ্ছে।
বক্তারা বলেন, শুধু জোড়াতালির কাজ দিয়ে এই দুর্ভোগ শেষ হবে না। সড়কটি টেকসইভাবে নতুন করে নির্মাণ করতে হবে এবং একই সাথে অবৈধ ও অতিরিক্ত লোডের বালুর ট্রাক চলাচল পুরোপুরি বন্ধ করতে হবে। তা না হলে সরকারি অর্থের অপচয় থামানো সম্ভব হবে না।
মানববন্ধন শেষে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেন।
আপনার মতামত লিখুন :