প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুলাই, ২০২৬

সেনবাগে জাফ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে জয়নুল আবদিন ফারুক (জাফ) ফাউন্ডেশনের উদ্যোগে এক কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের এমপি রোডে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাফ ফাউন্ডেশন সেনবাগে এ উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে গাছের চারা বিতরণ করা হবে।

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু রক্ষায় দল-মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নই হতে পারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার অন্যতম কার্যকর উপায়।

জাফ ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বেকারত্ব দূরীকরণে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং আধুনিক স্যানিটারি ল্যাট্রিন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এর আগে সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জাফ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে জাফ ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর