প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুলাই, ২০২৬

নৈতিকতার অবক্ষয় রোধে রাষ্ট্রের আদর্শ পরিবর্তনের আহ্বান ইমাম সেলিমের

রাসেদ বিল্লাহ, স্টাফ রিপোর্টার : সমাজ ও রাষ্ট্রে নৈতিকতার চরম অবক্ষয় চলছে বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দুর্নীতি, চারিত্রিক অধঃপতন ও স্বার্থপরতা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি।

শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমাম সেলিম বলেন, নৈতিক অবক্ষয় একদিনে সৃষ্টি হয়নি; এটি দীর্ঘদিন ধরে ভুল জীবনব্যবস্থা চর্চার ফল। তিনি দাবি করেন, দেশের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারব্যবস্থা ও শিক্ষাব্যবস্থা এখনো ব্রিটিশদের রেখে যাওয়া মতাদর্শের ওপর পরিচালিত হচ্ছে। ফলে উন্নত চরিত্র গঠন এবং নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হয়নি। এর পরিণতিতে সমাজে দুর্নীতি, অর্থপাচার, চারিত্রিক অধঃপতনসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সমাজে ন্যায়, শান্তি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র পরিচালনায় আল্লাহপ্রদত্ত ঐশী আদর্শ অনুসরণের প্রয়োজন রয়েছে। হেযবুত তওহীদ মানুষের সামনে সেই আদর্শ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে বলেও তিনি জানান।

ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী, এস এম সামসুল হুদা, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর