প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি মেহগনি গাছ কাটার অভিযোগ

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবদল নেতার বিরুদ্ধে সড়কের সরকারি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শহীদ উল্যাহ শহীদ (৪৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের মৃত সোলাইমান মাস্টারের ছেলে। তিনি সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বলে জানা গেছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের কবির পুকুরসংলগ্ন দক্ষিণ পাশে পাকা সড়কের পশ্চিম দিক থেকে একটি সরকারি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে লোহার পোল থেকে পাটোয়ারীহাট সড়কের ঝুঁকিপূর্ণ ১৫টি বনজ গাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, নিলামে ২৫ হাজার ৫০০ টাকায় গাছগুলো ক্রয়ের পর অভিযুক্ত শহীদ উল্যাহ শহীদ নিলামের তালিকাভুক্ত গাছের বাইরে একটি সতেজ মেহগনি গাছসহ আরও কয়েকটি সরকারি মূল্যবান গাছ কেটে নিয়ে যান।

সংবাদ পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য সাহাব উদ্দিন এবং পরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অভিযোগের সত্যতা পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শহীদ উল্যাহ শহীদ বলেন, “বড় একটি রেইনট্রি (করই) গাছের ডাল কাটতে গিয়ে পাশের মেহগনি গাছের ডাল ভেঙে যায়। পরে আমি গাছটি কেটে নিয়ে যাই।”

সিরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিলামে বিক্রি হওয়া ১৫টি গাছের অতিরিক্ত একটি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টির কোনো সমাধান না হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানকে অবহিত করা হয়েছে।”

তিনি আরও জানান, বন ও পরিবেশ আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর