প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : ‘নিরাপদ নারী, সুস্থ সমাজ, উন্নত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানার উদ্যোগে ও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিমের সভাপতিত্বে এবং থানার সেকেন্ড অফিসার মঈনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “একটি সমৃদ্ধ দেশ গঠনে নারী ও শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করা আবশ্যক। জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, সর্বস্তরে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। নারীদের প্রতি সম্মান প্রদর্শন ও সচেতন সমাজ বিনির্মাণের মাধ্যমেই বাল্যবিবাহের অভিশাপ দূর করা সম্ভব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন এবং কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনজুর আহমদ।

আলোচকরা সহিংসতা মুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ ভূমিকার ওপর জোর দেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে কিংবা কোনো অপচেষ্টার খবর পেলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়।

উক্ত সচেতনতামূলক সভায় স্থানীয় শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে উপস্থিত সবাই বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর