প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২৬

সেনবাগে পুবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার : লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহকদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে সেনবাগ উপজেলার নবীপুর বাজারে পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় নবীপুর বাজারে আয়োজিত ক্যাম্পেইন বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুবালী ব্যাংক পিএলসি’র নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুবালী ব্যাংক পিএলসি’র বসুরহাট শাখার ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান কোম্পানি, নবীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফজলুল হকসহ স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থা মানুষের লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস ডিজিটাল লেনদেন বৃদ্ধি করা সময়ের দাবি। এ লক্ষ্য বাস্তবায়নে পুবালী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা ও ‘পাই (π)’ মোবাইল অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা আরও জানান, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পাই (π) অ্যাপে নিবন্ধন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, বাংলা কিউআর (Bangla QR), পিওএস (POS)-সহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল নবীপুর বাজারে পুবালী ব্যাংকের একটি উপশাখা স্থাপনের দাবি জানান। তিনি বলেন, নবীপুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাংকিং সেবা সহজলভ্য করতে দ্রুত একটি উপশাখা স্থাপন প্রয়োজন।

ক্যাম্পেইন উপলক্ষে নবীপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাশলেস লেনদেন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের প্রসার আরও বৃদ্ধি পাবে এবং স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর