
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কোম্পানিগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্যাম্পাসে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান। একই সঙ্গে গ্রিন ক্যাম্পাস বিনির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাইনেজ সংলগ্ন স্থানে একটি রঙ্গন গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবিদুর রহমান, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. এন. ইস্কান্দার শাহজাদা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :